বিশ্বের দ্বিতীয় দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ বাংলাদেশ

১৪ ডিসেম্বর, ২০২৩ ০১:৩৪  

বিশ্বে দ্রুত বর্ধনশীল অর্থনীতির ৪৬টি দেশের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (১২ ডিসেম্বর) বৈশ্বিক অর্থনৈতিক বিষয়ক সংস্থা মাস্টারকার্ড ইকোনমিকস ইনস্টিটিউটের 'ইকনোমিক আউটলুক: ব্যালেন্সিং প্রাইস অ্যান্ড প্রাইওরিটিস' শিরোনামে প্রকাশিত এক প্রতিবেদনে এত তথ্য জানানো হয়।

প্রতিবেদনে জানানো হয়, ৪৬টি দেশের মধ্যে বাংলাদেশের প্রত্যাশিত জিডিপি হার হবে ৬.৩% যা দ্বিতীয় দ্রুত বর্ধনশীল দেশ হবে। শীর্ষ দ্রুত বর্ধনশীল দেশ হিসেবে দেখানো হয়েছে ভারতকে যার জিডিপির হার হবে ৬.৪%।

তৃতীয় বর্ধনশীল দেশ হিসেবে দেখানো হয়েছে ভিয়েতনামকে (৬.১%) এবং চতুর্থ হিসেবে দেখানো হয়েছে ইন্দোনেশিয়াকে (৫.২%)।
এছাড়া প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আগামী বছর বাংলাদেশের ভোক্তা মূল্যস্ফীতি দাঁড়াবে ৭.৩% যা ৪৮টি দেশের মধ্যে চতুর্থ সর্বোচ্চ এবং দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ। সর্বোচ্চ মূল্যস্ফীতি হবে আর্জেন্টিনার (১৫৬.৯%), দ্বিতীয় সর্বোচ্চ তুরস্ক (৫৩.৩%), তৃতীয় সর্বোচ্চ মিশর (২৪.৯%) এবং পঞ্চম সর্বোচ্চ শ্রীলঙ্কার (৬.৯%)।

মাস্টার কার্ড ইকোনমিকস ইনস্টিটিউটের প্রতিবেদনে আগামী বছরের জন্য বিশ্বে ভারতের পর বাংলাদেশকে দ্বিতীয় দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে যা ইতিবাচক বলে বিবেচিত। প্রতিবেদন অনুযায়ী আগামী বছরে বাংলাদেশের মূল্যস্ফীতি দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ হবে, যা শ্রীলঙ্কার চেয়েও বেশি বলে উল্লেখ করা হয়েছে।

অবশ্য এর আগেই আইএমএফ জানিয়েছিল, ২০২৩-২৪ সালে বাংলাদেশের জিডিপি হবে ৬ শতাংশ। অন্যদিকে বিশ্ব ব্যাংকের তথ্যানুসারে, এই সময়ে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে ৫.৬ শতাংশ। চলতি অর্থবছরে সরকারের দেয়া তথ্যানুসারে দেশের জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৬.০৩ শতাংশ।